উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ফেদেরার

দারুণ ছন্দে থাকা রজার ফেদেরার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পা রাখলেন। শেষ ষোলোর পথে হারালেন ব্রিটেনের ক্যামেরন নরিকে।

শনিবার সেন্টার কোর্টে ৩৯ বছর বয়সী ফেদেরার ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে জয় তুলে নেন।

আসরের আটবারের চ্যাম্পিয়ন ফেদেরার শেষ ষোলোয় খেলবেন ইতালির লরেন্সো সনেগোর বিপক্ষে।

এদিনের জয়ে নতুন এক কীর্তিও গড়েছেন ফেদেরার। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। উইম্বলডনে এটা ফেদেরারের ১০৪তম জয়। এই আসরে চতুর্থ রাউন্ডে উঠলেন ১৮তম বারের মতো।

এদিকে নারী এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় অ্যাশলি বার্টি। চেক রিপাবলিকের কাতারিনা সিনিয়াকোভাকে ৬-৩, ৭-৫ গেমে হারান বার্টি। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ বারবোরা ক্রেইচিকোভা।