করোনাভাইরাসের কারণে স্টেজ শো বন্ধ থাকলেও স্টুডিও রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা।
গত ২০১৫ সালে চ্যানেল আই খুদে গানরাজ চ্যাম্পিয়ন হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পুষ্পিতাকে। দর্শক-শ্রোতাদের ভালোবাসা নিয়ে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে জনপ্রিয় গীতিকার ও সুরকারদের বেশ কিছু গানের প্রকল্প হাতে নিয়েছেন তিনি।
ইশতিয়াক আহমেদের কথায় এবং শাহরিয়ার মার্সেলের সুর ও সঙ্গীতে ‘মাটির ফুল’ শিরোনামে পুষ্পিতা এবং লুৎফর হাসানের আরও একটি ডুয়েট গান খুব শিগগিরই আসবে ‘ড্রিম ক্যান্টিন’র ব্যানারে।
রবিউল ইসলাম জীবনের কথায় এবং মার্সেলের সুর ও সংগীতে ‘জানি তোর সময় নেই’ চমৎকার ক্ল্যাসিক্যাল গানটিতে কণ্ঠ দেওয়া হয়েছে পুষ্পিতার।
এছাড়া ‘কালিয়া’ শিরোনামে হাবিব সিরাজীর কথায় এবং সুজন আরিফের সুর ও সংগীতে খুব চমৎকার একটি চটুল গানের কাজ করেছেন। খুব শিগগিরই এই গান দুটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Pushpita Official’ থেকে প্রকাশিত হবে।
‘চিরকুমারী সংঘ’ শিরোনামে নতুন একটি নাটকের ‘টাইটেল সং’-এ কণ্ঠ দিয়েছেন তিনি যা ১৬ জুলাই থেকে প্রতি শুক্রবার চ্যানেল নাইনে প্রচারিত হবে।
পুষ্পিতা বলেন, ‘এবার স্টেজ শো নিয়ে সেরকম ব্যস্ততা নেই বলে হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। নিজের কিছু ভালো গান দর্শক-শ্রোতাদের উপহার দিতে চাই। সেই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত হতে চাচ্ছি। গানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই আমার শ্রম সার্থক হবে।’
উল্লেখ্য, গত রোজার ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে পুষ্পিতা এবং লুৎফর হাসানের কণ্ঠে প্রকাশিত মিউজিক ভিডিও ‘বৃষ্টির রেলগাড়ি’ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।