গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা আলী হোসেন ও স্কুল শিক্ষক ইয়াদুর রহমানসহ সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৭, বালিয়াডাঙ্গীতে ১৫, রানীশংকৈলে ৪০, হরিপুরে ৯ ও পীরগঞ্জে ২১ জন রয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।’
সিভিল সার্জন বলেন, ‘এ জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরো কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।’
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭শ ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৬১ ও মৃত্যু ৯৪ জনের।