গরু কিনে ডিজিটাল পশুর হাটের উদ্বোধন করলেন স্থানীয় সরকারমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহায় করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ের আহ্বান জানিয়ে ডিজিটাল পশুর হাট থেকে একটি গরু ক্রয় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-ক্যাব আয়োজিত ‘ডিএনসিসি ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন শেষে একটি গরু ক্রয় করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী দেশে করোনা সংক্রমন ঊর্ধ্বগতি থাকায় জনসমাগম এড়াতে হাটে না গিয়ে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে দেশের সকল মানুষকে অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, ই-কমার্স একটি আধুনিক বাণিজ্যিক পদ্ধতি যা মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে।

করোনা মহামারিতে ই-কমার্সের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ই-ক্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহ এগিয়ে আসায় দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করা এবং ঘরবন্দী মানুষের নিকট প্রয়োজনীয় জিনিসপত্র সহজে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে।’

তাজুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবছর কোভিড-১৯ পরিস্থিতি আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। জনসমাগম এড়াতে আমাদের আরও বেশি সর্তকতা অবলম্বন করতে হবে। গত ঈদুল আযহা পশুর হাট পরিচালনায় অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে এবং আমরা সফলও হয়েছি। এবছরও সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলা করতে পারবো বলে বিশ্বাস করি।

তিনি বলেন, অনলাইনে কেনাকাটায় সব মানুষকে সম্পৃক্ত করতে হবে। যারা ডিজিটাল টেকনোলজি সম্পর্কে অথবা ডিজিটাল লেনদেন সম্পর্কে খুব ভালো জানেন না তাদেরকে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা যায় সে উপায় বের করতে হবে।

গণমাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে অনলাইনে কেনাকাটা বৃদ্ধিকরণে মানুষকে উৎসাহিত করার জন্য প্রচার-প্রচারণার চালানোর উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডিজিটাল প্লাটফর্ম শুধু ক্রয়-বিক্রয় নয়, অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তাজনিত এবং যোগাযোগ ব্যবস্থাসহ অনেক বিষয়ে অবদান রাখছে। এই ব্যবস্থা শুধু শহরে নয় গ্রাম-গঞ্জেও ছড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, পুরো পৃথিবী একটি ভয়ানক পরিস্থিতির মধ্যে অতিবাহিত হচ্ছে। বিভিন্ন দেশে করোনা তাণ্ডবে অর্থনৈতিক কর্মকাণ্ডসহ মানুষের জীবন-জীবিকা স্থবির হয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহুমাত্রিক ব্যবস্থাপনা গ্রহণের ফলে আমাদের দেশে করোনা সেরকম প্রভাব ফেলতে পারেনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের সিনিয়র সচিবরা অংশগ্রহণ করেন।