গত ৪ দিন ধরে বিদেশগামী কর্মীদের সুরক্ষার অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রচ- ভিড় দেখা গেছে। এতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। টিকা নিতে আসা লোকজন জানান, নির্ধারিত সময়ে বিদেশে যেতে না পারলে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন।
এদিকে কেন্দ্র জেলা শহর থেকে ৪ কিমি দূরে হওয়ায় বিদেশগামীদের ভোগান্তি বেড়েছে। অনেককে কঠোর লকডাউনে হেঁটে আসতে হয়েছে।
প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় না থাকায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের টিকা গ্রহণের জন্য নিবন্ধন চলছে।
গত শুক্রবার সকাল থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। অযথা ভিড় কমানোর জন্য জেলার ৫টি উপজেলার বিদেশগামীদের আসার জন্য তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবুও অনেকে না জেনে প্রতিদিন কেন্দ্রে এসে ভিড় করছেন বলে জানা গেছে।
লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকাল থেকে নিবন্ধনের কাজ শুরু হয়েছে। কিন্তু সার্ভারে সমস্যা দেখা দেওয়ার কারণে প্রথম দিনে শতাধিক বিদেশগামীকে ফেরত দেওয়া হয়েছে।