বাউফল ও দুমকি

ইজারাদারদের হত্যার হুমকি দেওয়ায় দুই থানায় জিডি

পটুয়াখালীর বাউফল উপজেলার দুই ঘাট (লঞ্চ ও ফেরি) ইজারাদারকে হত্যার হুমকির অভিযোগে বাউফল ও দুমকি থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারসহ অপর চার ব্যক্তিকে অভিযুক্ত করে ওই দুই জিডি করা হয়। গত শনিবার দুপুরে বাউফল এবং গতকাল সোমবার সকালে দুমকি থানায় অভিযোগ দুটি দাখিল করা হয়।

ইজারাদার ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বগা-চরগরবদি ফেরিঘাটের ইজারাদার মো. আব্দুল মালেক মীরকে হত্যার হুমকির অভিযোগে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আব্দুল মোতালেব হাওলাদার (৬২), মাহামুদ হাসান (৩২) (বগা ইউপির চেয়ারম্যান ও মোতালেব হাওলাদারের বড় ছেলে), হাসিবুর রহমান (৩০) (মোতালেব হাওলাদারের ছোট ছেলে), আলী আশরাফ মিলন (৪০) ও মিলন সিকদার (৩০) ঘাটের ইজারা ছেড়ে দিতে বলেন। তাদের (মোতালেব হাওলাদারের)ওই নির্দেশ না মানা হলে মালেক মীরকে হত্যা করা হবে। অপরদিকে, বগা লঞ্চঘাটের ইজারাদার শাহাবুদ্দিন আকনকে ২ জুলাই রাতে মোতালেব তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ডেকে নিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে আব্দুল মোতালেব হাওলাদার মুঠোফোনে বলেন, ‘আমি কাউকে হত্যার হুমকি দেই নাই।’

দুমকি থানার ওসি মেহেদী হাসান এবং বাউফল থানার ওসি আল মামুন জিডির সত্যতা স্বীকার করেছেন।