কলম্বিয়ার শারীরিক শক্তিনির্ভর ফুটবল ভাবাচ্ছে আর্জেন্টিনাকে

কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে। তবে ১৫ বারের চ্যাম্পিয়নরা এবার সেমিফাইনালের আগেই ঝরে পড়েছে। দ্বিতীয় সফলতম দল আর্জেন্টিনা। ১৪ বারের শিরোপাজয়ী তারা। ১৫তম শিরোপা আর আর্জেন্টিনার মধ্যে দূরত্ব কেবল দুটি ম্যাচ জয়- কাল সকালের সেমিফাইনালে কলম্বিয়াকে হারানো। এরপর ফাইনাল।

ওদিকে উরুগুয়েকে বিদায় করে সেমিতে এসেছে কলম্বিয়া। প্রতিপক্ষ হিসেবে যে তারা মোটেও সহজ নয় সেটি ভালোভাবেই জানা আর্জেন্টাইনদের। কদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দু গোলে এগিয়ে গিয়েও কলম্বিয়াকে হারাতে পারেনি মেসিরা। ড্র মেনে নিতে হয় ২-২ গোলে। তার আগে ২০১৯-এর কোপার গ্রুপ পর্বে ০-২ গোলে হেরে যায় মেসি-আগুয়েরোরা। তাই কলম্বিয়াকে সমীহের চোখেই দেখতে হচ্ছে তাদের।

লাউতারো মার্তিনেজ বলছেন, কলম্বিয়ার শারীরিক শক্তিনির্ভর ফুটবল ভাবাচ্ছে তাদের। তবে তার বিশ্বাস, এ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেবে আর্জেন্টিনা, ‘প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়া খুব কঠিন, খেলেও শারীরিক শক্তিনির্ভর ফুটবল। ভালো ফল পেতে এবং ফাইনালে যেতে হলে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে।’ সঙ্গে যোগ করেন মার্তিনেজ, ‘আমি মনে করি, আমরা আধিপত্য করা আর্জেন্টিনাকে দেখছি। আমরা এরকমই প্রস্তুতি নিই। আমরা তেমনই খেলতে চাই, যেমনটা কোচ আমাদের কাছে চান।’

করোনা পরিস্থিতির মধ্যেই বাধ্য হয়ে ব্রাজিলে বসেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। তবে সেখানকার মাঠ নিয়ে প্রতিদিনই সমালোচনা হচ্ছে। স্বাগতিক ব্রাজিলও সমালোচনা করেছে। আর্জেন্টিনাকেও ভাবাচ্ছে মাঠ। ফরোয়ার্ড নিকো গঞ্জালেস যেমন বলেছেন, ‘যে মাঠগুলোয় আমরা খেলেছি, সেগুলো আমাদের ভীষণ ভুগিয়েছে। এটা দেখতে প্রতিবেশীর বাড়ির উঠানের মতো। এখানে খেলা খুব কঠিন হচ্ছে। ভাগ্য ভালো যে আমরা জানি, এই পরিস্থিতিতে কীভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয় এবং জিততে হয়।’