বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার প্রথম এবং বলা যায় একমাত্র লক্ষ্য এখন লিওনেল মেসিকে রাখা। মেসি না থাকলে বার্সেলোনা যে কিছুই না। মেসি নেই তো স্পন্সরও নেই। সেক্ষেত্রে আয় অর্ধেকে নেমে আসবে বার্সার। তাই যে করেই হোক মেসিকে ধরে রাখার পথ তৈরিতে ব্যস্ত কাতালান জায়ান্টরা। এ জন্য খেলোয়াড় বিক্রি করে বা ধারে অন্য ক্লাবে খেলতে দিয়ে খরচ কমানো শুরু করেছে লাপোর্তোর কমিটি। এভাবেই মেসির পারিশ্রমিক মেটানোর পথ তৈরি করছে তারা।
এখন পর্যন্ত ফ্রান্সিসকো ত্রিনকাও এবং জুনিয়র ফিরপোকে অন্য ক্লাবে পাঠাতে পেরেছে বার্সা। ত্রিনকাও সামনের মৌসুমে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ারের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে। আর ফিরপো যাচ্ছেন লিডসে। দুই ফুটবলারকে সরিয়ে মোট ১৫ মিলিয়ন ইউরো বাঁচাতে পারছে বার্সা। কিন্তু এ দুজনের চেয়েও মোটা পারিশ্রমিক পাচ্ছেন স্যামুয়েল উমতিতি ও মিরালেম পিয়ানিচ। উমতিতি গেলে ১৬ মিলিয়ন এবং পিয়ানিচ গেলে ১৮ মিলিয়ন বাঁচাতে পারবে বার্সা। তবে এ দুজনকে চুক্তি বাতিলের প্রস্তাব দিয়ে অবশ্য ব্যর্থই হয়েছে বার্সা। দুজনই বার্সায় থাকতে চান বলে জানিয়ে দিয়েছেন। তবে জুভেন্তাস থেকে গত সেপ্টেম্বরে বার্সায় আসা পিয়ানিচকে নিতে চেষ্টা করছে টটেনহ্যাম হটস্পার। শুধু এ চারজনই নয়, ফিলিপে কুতিনহো, অ্যান্তোইন গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েট, ক্লেম লেংলে এবং কার্লোস অ্যালেনাকেও ছাড়তে চায় বার্সা। কিন্তু এদের মধ্যে শুরুর তিনজনকে ছাড়তে হলে উপযুক্ত ক্লাব চাই। কারণ, এক কুতিনহোর পারিশ্রমিকই ৫০ মিলিয়ন, গ্রিজমান পাচ্ছেন ২৫ মিলিয়ন। তাদেরকে কেনার মতো ক্লাব আপাতত পাচ্ছে না বার্সা। তাই বাধ্য হয়ে ধারে অন্য ক্লাবে দেওয়ার কথা ভাবছে। কিন্তু একবার বায়ার্ন মিউনিখে ধারে খেলে আসা কুতিনহো আবারও একই চুক্তিতে অন্য ক্লাবে যাবেন কিনা বা গ্রিজমান ধারে অন্য ক্লাবে খেলবেন কিনা সেটাও চিন্তার বিষয়। তাই মেসির জন্য পথ তৈরি করা সত্যিই কঠিন হচ্ছে বার্সেলোনার জন্য।