ভারতে নারী পাচার চক্রের দলনেতা হিসেবে আলোচনায় আসা রিফাদুল ইসলাম ওরফে টিকটক হৃদয়ের অন্যতম সহযোগী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
অনিক ছাড়া গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছে মো. শহিদুল ইসলাম ওরফে এ্যাম্পুল (৩৪), আবির আহমেদ রাকিব (২২) ও মো. সোহাগ হোসেন আরিফ (৩৬)। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পাঁচটি ধারালো অস্ত্র, একটি চেইন, ৩০০ পিস ইয়াবা, সাতটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।