আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় ২ লাখ ৮৩ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি সিল, দুটি স্ট্যাম্প প্যাড, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল, নগদ ৯ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলো ঝালকাঠি জেলার মো. জসিম (৩৫) ও মো. আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা পরস্পর যোগসাজশে ঈদুল আজহা সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্পমূল্যে সেগুলো বিক্রি করে আসছে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ৬টি মামলা রয়েছে।