রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় জামিয়াতুল আনসার আল-ইসলামিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণখান থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে অভিমান করে ওই মাদ্রাসা ছাত্র জানালার গ্রিলের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের নাম ইসমাইল হোসেন (১৬)। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মগে' পাঠিয়েছে। দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক বেলাল জানান, ইসমাইল হেফজো বিভাগে দুই বছর ধরে পড়াশোনা করছিল। সকালে নামাজ পড়তে উঠলে ইসমাইলকে দেখে আমার বাবা চিৎকার করে ওঠে। এরপর তিনি আমাকে ডাকে, আমি গিয়ে তাকে ফ্লোরে পড়া অবস্থায় দেখতে পাই। আমার বাবা তাকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়েছে।
মৃত ছাত্রের বাবা মো. মোস্তফা সাংবাদিকদের জানান, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তার মুখে ও পায়ে দাগ দেখেছি। মাদ্রাসার রুমের ভেতর রক্ত পড়ে আছে বলে তিনি অভিযোগ করেন।
ইসমাইল হোসেনের মা ইয়াসনুর জানান, রবিবার বাসায় গেলে ইসমাইলের সঙ্গে আমি রাগ করেছিলাম। সে হয়তো আমার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।