কানের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না বাঁধন ও সাদ

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে বুধবার প্রদর্শিত হবে বাংলাদেশ থেকে প্রথমবার অফিশিয়াল সিলেকশন পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’। এর আগের দিন আসরের ৭৪তম কিস্তির পর্দা উঠবে। সংশ্লিষ্টরা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। উৎসবে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ টিমের ৭ সদস্য।

এদিকে কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই উদ্বোধনী দিনে উৎসবে যোগ দেওয়ার কথা থাকলেও উদ্বোধনীতে অংশ নিচ্ছেন না বাঁধন ও সাদ।

গণমাধ্যমকে বাঁধন বলেন, ‘উৎসবের নিয়ম হচ্ছে এই বিভাগে চূড়ান্ত হওয়া সকল ছবির নির্মাতা, প্রধান শিল্পী ও প্রযোজক স্বাভাবিক নিয়মেই উদ্বোধনী আসরে বিশেষ আমন্ত্রণ পায়। আমরাও পেয়েছি। কিন্তু সেটাতে আমরা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই না যাওয়ার সিদ্ধান্ত কিন্তু টিম-সাদ এর টিম স্পিরিটের অন্যতম অংশ। আমরা শুরু থেকে এভাবেই চলছি। ভাবুন একবার, একসঙ্গে আমরা সাতজন মানুষ এলাম। এ পর্যন্ত আমাদের সবকিছু একসঙ্গে। কে ডিরেক্টর কে ডিওপি কে কতো বড় তারকা- সেটি এখানে একেবারেই বাক্সবন্দী বিষয়। কানের রীতি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলে আমি, নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আর প্রযোজক জেরেমি চুয়া নিতে পারি এখনও। তাহলে আমাদের সঙ্গে যারা এতোটা পথ এলেন- সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন আর একজিকিউটিভ প্রোডিউসার বাবু; তাদের কী হবে! তারা হোটেলে আর আমরা লালগালিচায়, সেটিকে সাদ সমর্থন করেন না। সে জন্যই আমাদের এই সিদ্ধান্ত। এতে আমাদের মধ্যে কোনও দুঃখ নেই, বরং স্বস্তি আছে।’

এদিকে উদ্বোধনীতে না গেলেও ৭ জুলাই রেহানা মরিয়ম নূরের প্রদর্শনীতে থাকবেন তারা। কানের পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহে সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিট) প্রথম প্রদর্শন হবে ছবিটি।

বাঁধন বলেন, ‘আমাদের ছবির প্রদর্শনীতে আমরা থাকব।  শুধু তাই নয়, ১৬ জুলাই আঁ সার্তে রিগার বিভাগের অ্যাওয়ার্ড ডিক্লারেশনের সময় বাংলাদেশ থেকে অডিয়েন্সে থাকবো আমরা ৮ জন। এই সাতজনের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে আমাদের সহ-প্রযোজক রাজীব মহাজনেরও।’

‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছে উৎসবের ‘আঁ সার্টেন রিগার্ড’ বিভাগে। এই বিভাগে মনোনয়ন পেয়েছে ১৫ দেশের ১৮টি সিনেমা। বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসি অভিনেতা এলসা জিলবারস্টেইন, আর্জেন্টিনার ড্যানিয়েল বারম্যান ও আলজেরিয়ার মউনিয়া মেডৌর।

একটি বেসরকারি কলেজের ৩৭ বছর বয়সী শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই বাংলাদেশি চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি হয়েছে। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে কঠিন জীবনযাপনে অভ্যস্ত। তিনি এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন।

এরপর থেকে সে তার মেডিকেল কলেজের ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ জানান। আর এ প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ক্রমেই একরোখা হয়ে ওঠেন। পরবর্তীতে একই সময়ে রেহানা ৬ বছর বয়সী কন্যার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ রূঢ় আচরণ করেন। এমন অবস্থায় অনড় রেহানা বিদ্যালয়ের তথাকথিত নিয়মের বাইরে থেকে নিজ সন্তান ও ওই ছাত্রীর জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।

‘রেহানা মরিয়ম নূর’-এর নাম ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন। আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।