কারাগারেই মারা গেলেন ভারতের অ্যাক্টিভিস্ট সোয়ামি

মুম্বাইয়ে কারারুদ্ধ অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন আদিবাসী অধিকারকর্মী স্টান সোয়ামি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এই জেসুইট বা খ্রিস্টান যাচক পারকিনসন রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ায় গত মে মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ত্রাসবাদের অভিযোগে গত বছরের অক্টোবরে গ্রেফতার হন সোয়ামি। কঠোর সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত প্রখ্যাত ১৫ জন অ্যাক্টিভিস্ট, শিক্ষাকর্মী ও আইনজীবিদের মধ্যে অন্যতম ছিলেন এই বয়স্ক যাজক।

তবে বারবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে গেছেন সোয়ামি। ঝাড়খন্দ রাজ্যে উপজাতি জনগোষ্ঠীর ভূমি অধিকারের জন্য সংগ্রাম ও বর্ণ প্রথার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি।

তার মধ্যে সোয়ামির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৮ সালে সমাজের উচ্চ-বর্ণের বিধির বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের এক ঐতিহাসিক লড়াইয়ে সহিংসতা ছড়ানোর।

সোয়ামির চিকিৎসকরা আদালতে তার জামিনের আবেদনের শুনানিতে জানান, রবিবার সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। এরপর কখনো জ্ঞান ফেরেনি সোয়ামির।