টঙ্গীতে ভগ্নিপতির ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, থানায় মামলা

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গার্মেন্টসকর্মী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভগ্নিপতির বিরুদ্ধে। ধর্ষণে অন্তঃসত্ত্বাহয়ে ওই তরুণী সোমবার ভগ্নিপতির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, নেত্রকোনা জেলার কমলাকান্দার এক তরুণী (২০) গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় এক গার্মেন্টসে কাজ করেন।

একই এলাকায় ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করেন ময়মনসিংহের ফুলপুর থানাধীন পাঁচ কাহনিয়া এলাকার পিয়ারী মোহন মল্লিকের ছেলে কমল চন্দ্র মল্লিক (৪০)। একই এলাকায় থাকার কারণে চাচাতো ভগ্নিপতি কমল চন্দ্র মল্লিকের সঙ্গে ভিকটিম ওই তরুণীর প্রায় ৭ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এর জেরে গত ২৬ ডিসেম্বর রাতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে তার বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করেন ভগ্নিপতি কমল। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে কমল বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় সোমবার কমল চন্দ্র মল্লিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন ভিকটিম।

অভিযুক্ত কমল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।