ঢাবি ক্যাম্পাসে ৩ জনকে জরিমানা করল মোবাইল কোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমরাত রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে শাস্তি দেয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা নাজনীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদও অভিযানের সময় উপস্থিত ছিলেন।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে শিক্ষার্থীরা। নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে এধরণের এধরণের অভিযান সম্পূর্ণ অবৈধ।

ম্যাজিস্ট্রেট মেরিনা নাজনীন জানান, তিনি শাহবাগ এলাকায় দায়িত্ব পালনের সময় মাস্ক পরিধান না করায় ওই তিনজনের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে অভিযান চালানোর প্রসংগে তিনি বলেন, মন্ত্রীসভার অনুমোদন রয়েছে, তাদের জ্ঞাতসারেই সবকিছু হয়েছে। তাছাড়া সড়কগুলো তো বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নয়, সেটা সিটি কর্পোরেশনের আওতাধীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে এধরণের অভিযান চালানোর আগে তাদের অনুমতি নেয়া উচিত ছিল। ম্যাজিস্ট্রেট আমাকে অভিযান শেষে বিষয়টি জানান।