নবীনগরে অতি বর্ষণে সেতু থেকে সড়ক বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের একটি সংযোগ সেতুর নিচের মাটি  অতি বর্ষণে সরে গেছে। এতে সেতুতে ওঠার মুখে এক পাশের পুরোনো আরসিসি ঢালাই ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচল ব্যাহত ও জনদুর্ভোগ চরমে উঠেছে।

সড়কটি উপজেলার সদর থেকে শ্রীরামপুর ইউনিয়ন এবং শ্যামগ্রাম ইউনিয়নের মধ্যে একটি সংযোগ সড়ক। এটি পৌর এলাকার আলিয়াবাদ থেকে গোপালপুর ও নাছিরাবাদ হয়ে ওই দুই ইউনিয়নকে সংযুক্ত করেছে।

বৃষ্টিতে সেতুর একপাশের মাটি ও পুরোনো আরসিসি ঢালাই সরে গেছে। সেতুর গোড়ায় গর্ত হওয়ায় গত কয়েক দিন যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে সেতু পার হচ্ছেন। এ ছাড়া সেতুটি বেশ পুরোনো এবং জরাজীর্ণ। সেতুর দুপাশের রেলিং ভেঙে গেছে। প্রতিদিনই গর্তের আকার বড় হচ্ছে।

মঙ্গলবার সরেজমিন সড়কটি পরিদর্শনে গেলে কথা হয় স্থানীয় কৃষক রহিম মিয়া সঙ্গে।

তিনি বলেন, এটি ভেঙে যাওয়ার ফলে বাধ্য হয়ে তাদের কৃষিপণ্য বিক্রির জন্য ৫ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে নিয়ে যেতে হচ্ছে। এতে পণ্য পরিবহনে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।

অটোরিকশাচালক আক্কাস  মিয়া বলেন, ‘আলিয়াবাদ, গোপালপুর, সাহেবনগর ও রেজতপুর  গ্রামের সবাই এ রাস্তা দিয়ে গাড়ি চালান। মানুষ মালামাল নিয়ে এলে এ রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি না। যাত্রী নিয়ে গাড়িও চালাতে পারি না। শ্রীরামপুর ও শ্যামগ্রাম ইউনিয়নের হাজার হাজার মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক  বলেন,  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানকে  ইতিমধ্যে বলা হয়েছে এবং ব্রিজটি ভেঙে নতুন একটি ব্রিজ করার পরিকল্পনা রয়েছে।

নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, যত দ্রুত সম্ভব ব্রিজের গোড়ার ভাঙা অংশটি মেরামত করা হবে।