অষ্টম শ্রেণি পাশ করে নিউরোমেডিসিন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ!

অষ্টম শ্রেণি পাশ হয়েও নিজেকে পরিচয় দেন এমবিবিএস ডাক্তার বলে। শুধু তাই নয় নিউরোমেডিসিন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ফার্মেসিতে রোগী দেখেন মো. খোরশেদ আলম।

সোমবার দুপুরে আকবরশাহ থানাধীন কর্নেল জোন্স রোডের কাট্টলি মেডিকেল হলে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মো. খোরশেদ আলমকে (৪২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ হাটহাজারির বাসিন্দা। তবে বর্তমানে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আরাফাতুল ইসলাম জানান, গ্রেপ্তার খোরশেদ নিজেকে ডা. মুহাম্মদ খোরশেদ আলম পরিচয় দিয়ে ওই ফার্মেমিতে চিকিৎসা দেয়। এমনকি নিজেকে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), নিউরোমেডিসিন, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিত। কিন্তু এসব বিষয়ে নোন ডকুমেন্ট সে দেখাতে পারেনি।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রকৃতপক্ষে সে অষ্টম শ্রেণি পাশ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে এক সময় কাজ করতেন। ওই ফার্মেসি থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামসহ, নামফলক, ভিজিটিং কার্ড, সিলমোহর ও উপস্থাপিত কাগজপত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, এর আগেও একই অপরাধে ২০১৭ সালে মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খোরশেদকে এক বছরের এবং ২০১৩ সালে কুমিল্লায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।