লকডাউনে ওষুধ কিনতে বের হয়েছি বলে জুয়ার আসরে!

চট্টগ্রামে একটি জুয়ার আসর থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বাইরে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে, তারা ওষুধ কিনতে বের হয়েছে বলে জানায়। কিন্তু পরে তাদের জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো. জাহাঙ্গীর হোসেস (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল(৩৮), মো. সুমন(২৯)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার জুয়ারিরা সবাই নিম্নআয়ের। এদের মধ্যে রয়েছে রিকশা-ভ্যান চালক, দোকানের কর্মচারী আর কেউ দিনমজুর। তারা দৈনিক ৩০০-৫০০ টাকা আয় করেই জুয়া খেলে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাদের মধ্যে দুজনকে সড়কে দেখে টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ওষুধ কেনার জন্যই তারা বের হয়েছে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে কৌশলে তাদের পিছু নেয় পুলিশ। পরে চৌমুহনী নাজিরপুল কলাবাগান গলির ভেতরে শাহ আলমের আলমিরার কারখানায় জুয়ার আসর থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।