শাহজালালে জব্দ যুক্তরাষ্ট্র থেকে আনা ১৮ ব্রাহমা গরু

অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ব্রাহমা জাতের গরু আমদানি করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি গরু জব্দ করা হয়েছে। গরুগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় রেখেছে ঢাকা কাস্টম হাউজ। গরুগুলোর কোনো দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময়ের পর এগুলো নিলামে বিক্রি করার কথা ভাবছে কাস্টম হাউজ।

জানতে চাইলে ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়। গরুগুলো যুক্তরাষ্ট্র থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়। গত সোমবার রাতে বিমানবন্দরে নামার পরপরই এগুলো জব্দ করা হয়। প্রতিটি গরুর আনুমানিক মূল্য ১২-১৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, ১৩ থেকে ৬০ মাস বয়সী গরুগুলোর আমদানিকারকের জায়গায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোর নাম লেখা আছে। বিমানবন্দরে গরুগুলো পোঁছালে কেউ নিতে আসেননি।