‘প্রচন্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’- গত ২০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি।
বুধবার ভোর ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদা বাবলির স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন জবির এই সহকারী অধ্যাপক। হাসপাতালে থাকা অবস্থায় কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন।
গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে তার। বুধবার ভোর ৪টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সাঈদা বাবলির মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।
জবি শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, অধ্যাপক সাঈদা বাবলির মৃত্যুতে শিক্ষক সমিতি শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।