কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সাহিত্য উপ-সম্পাদক এস এম রিয়াদ হোসেন জন্মদিন পালন করে বিতর্কের মুখে পড়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতার জন্মদিন উপলক্ষে বেশকিছু নেতাকর্মী নিয়ে কেক কাটা হয় এবং আতশবাজি ফোটানো হয়।
জানা যায়, ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় হলে অবস্থান করেছিলেন ছাত্রলীগের এই নেতা। মঙ্গলবার ওই নেতার জন্মদিন ছিল। তিনি কেন্দ্রীয় সভাপতি জয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।
কঠোর লকডাউনের মধ্যে ঢাবিতে জন্মদিন পালনের বিষয়ে ছাত্রলীগ নেতা এসএম রিয়াদ বলেন, ক্যাম্পাসে সবাই কেক কাটে। যদিও হল বন্ধ, হলের গেস্টরুম পর্যন্ত তো আসা যায়।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর ক্যাম্পাসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন, বৃষ্টির কারণে সবাই গেস্টরুমে এসে বসছিলেন। এ সময় হলের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনুমতি নিয়েই ওখানে বসা হয়েছিল।
সরকারি নির্দেশনা অনুসারে কোথাও কোনো প্রকার সামাজিক অনুষ্ঠান না করার জন্য বলা হয়েছিল। তবুও সরকারি ঘোষিত নিয়ম উপেক্ষা করে এ দিন টিএসসি এলাকায় শতাধিক নেতাকর্মীকে নিয়ে ওই ছাত্রলীগ নেতার জন্মদিন পালন করতে দেখা যায়। ক্যাম্পাস এলাকায় শতাধিক নেতাকর্মীসহ জন্মদিন পালন করা হলেও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের কোনোন তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, টিএসসি ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে বিষয়টি দেখতে বলা হয়েছে। ক্যাম্পাস এলাকায় করোনাকালীন বিধিনিষেধ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই।