ফরিদপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধার উদ্যোগ

কল দিলে অক্সিজেন, ওষুধ ও ফলমূল পৌঁছে যায় বাড়ি

ফোন করে করোনায় আক্রান্ত কোনো রোগীর পরিবার অক্সিজেনের চাহিদা জানালে তার বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয় সিলিন্ডার। সঙ্গে ভিটামিন ‘সি’যুক্ত ফলমূল, করোনা সুরক্ষাসামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে যায় ওই পরিবারে।

মহামারী করোনোর দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে এই মানবিক কাজটি করছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। তিনি নিজ এলাকার করোনা রোগীদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এমন মানবিক সহায়তা কর্মসূচি শুরু করেছেন। তার পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক অক্সিজেন সিলিন্ডার, সুরক্ষাসামগ্রী, ফলমূল এবং ওষুধ পৌঁছে দিচ্ছে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে।

এই স্বেচ্ছাসেবক দলের সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস জানান, অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে দেওয়া শুরু হয়েছে দুই সপ্তাহ ধরে। এ সময়ে জরুরি ভিত্তিতে করোনায় আক্রান্ত রোগীকে অক্সিজেন দিয়ে সহায়তা করছেন তারা।

বীর মুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন বলেন, ‘গত বছর করোনা শুরু হলে আমি একইভাবে কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে চাল, ডাল ও অন্যান্য খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হই। এ বছর একদল স্বেচ্ছাসেবক এ কাজে আমাকে সহায়তা করছে।’

তিনি আরও বলেন, ‘যখন আমি নিজে করোনায় আক্রান্ত ছিলাম তখন সেই কষ্টের কথাটি মনে করে মানুষের বিপদে এগিয়ে এসেছি।’

মুশা মিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘জেলার ৯ উপজেলাতে যদি এভাবে সামর্থ্যবানরা এগিয়ে আসেন তাহলে করোনার এই যুদ্ধে আমরা জয়ী হব।’