রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে আটজনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

এ নিয়ে চলতি মাসের আট দিনে রামেক করোনা ইউনিটে মারা গেলেন ১৩৯ জন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ৪২ জন। বাকিদের মৃত্যু হয় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ নারী ও ১৪ জন পুরুষ। বেশির ভাগের বাড়িই রাজশাহী জেলায়।

মৃতদের মধ্যে রাজশাহীর ৯, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ১ এবং কুষ্টিয়ার ১ জন রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৮ জনের মধ্যে ৮ জন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, ৩ চল্লিশোর্ধ্ব এবং ২ জন ত্রিশোর্ধ্ব।

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭০ নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন।

বর্তমানে এখানে ৪৮৫ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪৫৪টি।