সাভারে প্রতিবন্ধী এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে সাভারের উলাইল এলাকার ডিপজল মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ১১টায় সাভার সদর ইউনিয়নে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
আটক আবুল হোসেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জয়মন্ডপ ইউনিয়নের ছয়আনি গ্রামের (মৃত) তেঁতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২২ বছর ধরে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় ইউনুছ আলীর বাড়ীতে ভাড়া থেকে মসলার ব্যবসা করে আসছিল।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ধর্ষণ চেষ্টার শিকার প্রতিবন্ধী শিশুটির বাবা দীর্ঘদিন ধরে পঙ্গু অবস্থায় ঘরে পড়ে আছেন এবং মা সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন।
ঘটনার দিন সকালে শিশুটির মা কাজে যান এবং বাবা ঘরে ছিলেন। শিশুটি খেলাধুলা করা অবস্থায় প্রতিবেশী আবুল হোসেন তাকে কৌশলে ডেকে নিয়ে প্রথমে খাবারের লোভ দেখায় এবং পরে ধর্ষণের চেষ্টা করে।
এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে আমান নামে স্থানীয় এক মাদবরের নেতৃত্বে সালিশ বসানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ বাড়ির প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া বলেন, আবুল হোসেন মঙ্গলবার সকালে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ চেষ্টার শিকার হওয়া শিশুটির বাবা ও অভিযুক্ত দীর্ঘদিন ধরে বসবাস করে আসা প্রতিবেশী হওয়ায় ও লোক লজ্জার ভয়ে বিষয়টি চেপে যান।
পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশী আরেক ভাড়াটিয়া আমান ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে মাতব্বরের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করেন।
আটক আবুল হোসেনের স্ত্রী মমতাজ বেগম বলেন, শিশুটির পরিবার ও ভাড়াটিয়া আমানের সাথে আমাদের দ্বন্দ্ব থাকায় আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে। সে দয়াল বাবার ভক্ত! এই কাজ কোনোদিনও করতে পারে না।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এ ঘটনায় মামলার দায়ের করে বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।
এছাড়া ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।