হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার, জামিন নিয়ে পালানোর পর জানাজানি

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আশরাফ চৌধুরী ইমন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান আসামি নয়ন সরকার সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর কৌশলে জামিন নিয়ে পালালেও বিষয়টি জানে না আনোয়ারা থানা পুলিশ।

গত মঙ্গলবার বিজিবির হাতে নয়ন সরকার আটকের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন রাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নয়ন সরকারসহ ৬ জনকে আটক করে বিজিবি। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। পরে পাসপোর্ট আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। সেখান থেকে গত ২৯ জুন জামিনে বের হয়ে পালিয়ে যান নয়ন।

মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার এসআই ইফরান খান জুয়েল বলেন, আসামি নয়ন সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হলেও কৌশলে জামিন নিয়ে পালিয়ে গেছেন। এরপরই বিষয়টি জানতে পারি, তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরের মা কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রলীগকর্মী আশরাফ চৌধুরী ইমনকে ছুরিকাঘাত করেন কয়েকজন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের বাবা মো. আবদুল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপসম্পাদক নয়ন সরকারকে প্রধান আসামি করা হয়। তবে ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান অভিযুক্ত নয়ন। ভারত থেকে আসার সময় নয়ন গ্রেপ্তার হলেও কৌশলে জামিন নিয়ে পালিয়ে যান তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সাতক্ষীরায় নয়ন সরকার গ্রেপ্তারের খবর পেয়ে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়। কিন্তু তার আগেই জামিনে বেরিয়ে যান নয়ন।