ঝালকাঠিত বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের রাজনীতিবিদদের নিয়ে ফেইসবুকে ‘কটূক্তি’ করায় ঝালকাঠিতে জিজিটাল নিরাপত্তা আইনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের নামে মামলা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে জেলার রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির খান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করা ও বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে রফিকুল ইসলাম জামাল নামে এক ব্যক্তি ফেইসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, মানহানিকর এমন পোস্ট দেখে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি সংক্ষুব্ধ হই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে এমন মিথ্যা ও মানহানিকর তথ্য রফিকুল ইসলাম জামাল তার ব্যবহৃত ফেইসবুক আইডি দিয়ে প্রচার করে রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টির অপপ্রচার করেছেন।

মামলার বাদী সাব্বির খান বলেন, রফিকুল ইসলাম জামালের ফেইসবুক আইডির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদদের নিয়ে দেওয়া মিথ্যা পোস্ট দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রচার হলে দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

রফিকুল ইসলাম জামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে ফেইসবুকে অপপ্রচার করায় রফিকুল ইসলাম জামাল নামে একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এজাহার অনুযায়ী আসামির বাড়ি উপজেলার বড়ইয়াতে হলেও তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। মামলার তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।