কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সাড়ে চারশো বালুর বস্তা ফেলে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরাই বালুর বস্তা ফেলে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করে দেন।
স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি বৃষ্টি ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে নবগঠিত ছাত্রলীগ উদ্যোগী হয়ে সড়কটি মেরামতের কাজ করে। এখন পাঁচগাছী, যাত্রাপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ জেলা সদরের সঙ্গে নির্বিঘে চলাচল করতে পারবে।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, মানুষের দুর্ভোগ কমাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বালুর বস্তা ফেলে নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি মেরামত করে দেওয়া হয়েছে। এতে লক্ষাধিক মানুষের দুর্ভোগ কমেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, পানি বৃদ্ধি পেয়ে যদি সড়কটি ডুবে যায়, তখন ড্রাম দিয়ে ভাসমান সেতু বানিয়ে দেওয়া হবে।