ভারী বর্ষণ ও করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কারণে শীর্ষ দুটি লিগ স্থগিত করতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লকডাউনের কারণে শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এর মধ্যেই টানা বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ হয়ে যায়। তাই ১ জুলাই দুই আবাহনীর ম্যাচ শেষে স্থগিত হয়ে যায় লিগ। বাফুফে অবশ্য ১৪ জুলাই থেকে ফের শুরু করতে চাইছে খেলা। তবে এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর চাপ কমাতে তারা বেছে নিয়েছে নতুন ভেন্যু। রাজধানীর কাছেই বেরাইদে ফর্টিজ গ্রাউন্ডে লিগের কিছু ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। গতকাল পেশাদার লিগ কমিটির জরুরি সভা শেষে এ কথা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, ‘ভারী বৃষ্টির কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপোযুক্ত হয়ে পড়ায় কিছুদিনের জন্য লিগ বন্ধ করেছিলাম। ক্লাবগুলো খেলতে চায়। তাই তাদের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধু স্টেডিয়াম ও ফর্টিজ মাঠে খেলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। লকডাউন উঠে গেলে পূর্বের মতো চার ভেন্যুতে লিগ আয়োজন করা হবে।’
আগস্টের মাঝামাঝি সংস্কারের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদকে ছেড়ে দিতে হবে বাফুফেকে। তাই তারা চাইছে দ্রুত লিগের খেলা শেষ করতে। ১৪ জুলাই চলমান কঠোর লকডাউন শেষ হওয়ার কথা। এরপর ঈদুল আজহার জন্য লকডাউন শিথিলের সম্ভাবনা আছে। ঈদের জন্য তিন দিন লিগ বন্ধ থাকবে জানিয়েছেন সালাম মুর্শেদী।