রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ী লকডাউনের দ্বৈত নীতি: বিএনপি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক জানিয়ে বিএনপি দুর্ঘটনার জন্য লকডাউন নিয়ে সরকারের দ্বৈত নীতিকে দায়ী করেছে।

শুক্রবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ কথা উল্লেখ করে বলেছেন, কোনোভাবেই সরকার এ দুর্ঘটনা ও মৃত্যুর দায় এড়াতে পারে না।

মির্জা ফখরুল বলেন, মহামারি করোনা মোকাবিলার জন্য সরকার একদিকে লকডাউন ঘোষণা করেছে। অন্যদিকে মিল-কলকারখানা চালু রেখেছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে এসে অগ্নিকাণ্ডে পুড়ে নির্মমভাবে জীবন দিতে হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারীদের।

দুর্ঘটনা রোধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘কলকারখানাগুলোতে কাজের নিরাপদ পরিবেশ নাই। শ্রমিক কর্মচারীদের জীবনের নিরাপত্তা নাই। দুর্ঘটনা ঘটার পর সরকার তদন্ত কমিটি করে, বিভিন্ন আশ্বাস দেয়। কিন্তু পরে তা আর আলোর মুখ দেখে না।’

রূপগঞ্জের ঘটনাকে হৃদয়বিদারক ও মর্মস্পর্শী বলে মন্তব্য করে এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে নিহত-আহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।