বাইডেনের টার্গেটে চীনের আরও কিছু প্রতিষ্ঠান

চীন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গত মাসেই চীনের পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছিলেন তিনি। এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি চীনা প্রতিষ্ঠান। আর এর কারণ হিসেবে জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের নিপীড়নের অভিযোগকে দাঁড় করাচ্ছেন জো বাইডেন। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গতকাল শুক্রবারের মধ্যেই ১০টির বেশি চীনা প্রতিষ্ঠানকে তাদের অর্থনৈতিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে জবাবদিহির আওতায় আনতে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো। জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকায় ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দি রেখে নির্যাতন চালাচ্ছে চিনপিং সরকার।