করোনায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা ও হৃদ্রোগের মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে করোনাভীতি বেশি এবং তারা তুলনামূলক বেশি বিষন্নতায় ভুগছেন। এ ছাড়া চলমান মহামারীতে দেশের বিভিন্ন পেশাজীবীর তুলনায় শিক্ষার্থীদের মধ্যে বিষন্নতা বেড়েছে।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিচালিত এক গবেষণায় এসব দাবি করা হয়েছে।
গত ২৪ জুন ‘ফেয়ার অ্যান্ড ডিপ্রেসিভ সিমটমস এমিড কভিড-১৯ : এ ক্রস সেকশনাল পাইলট স্টাডি অ্যামং এডাল্ট পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এ গবেষণাপত্রটি আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের জার্নালে প্রকাশিত হয়।
গবেষকরা বলছেন, গত মার্চ থেকে এপ্রিলে দেশের প্রাপ্তবয়স্কদের মাঝে সমীক্ষার মধ্য দিয়ে গবেষণাটি পরিচালিত হয়। এতে এক হাজারের বেশি মানুষ মতামত প্রদান করেন। মতামত প্রদানকারীদের ৩৬ দশমিক ৫৭ শতাংশ মানুষ বিষন্নতার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে প্রভাষক সাহাদাত হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘গবেষণা শেষে আমরা এটি বলতে পারি যে করোনাভাইরাস প্রতিরোধের সঙ্গে সঙ্গে জনসাধারণের করোনাভীতি ও বিষণœতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ভীতি ও বিষন্নতার লক্ষণগুলো দূর করতে পারলে কভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম সফলতা পাবে; যা এই ভাইরাসের পরবর্তী ঢেউ মোকাবিলায় সহায়ক হবে।’