গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় সোহানুর রহমান (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন নামের অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা গ্রামের সবুর হোসেনের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওই দুই সদস্য সোহানুর ও নাজমুল মোটরসাইকেল নিয়ে রাতে মহাসড়কে টহলে নিয়োজিত ছিলেন।
এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তারা। তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহানুরকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় নাজমুল গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।