রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে। তার নাম নাম লতিফুর রহমান। বয়স আনুমানিক ৩৫বছর।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাউয়ুম জানান, শুনছি সায়েন্সল্যাব এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম লতিফুর রহমান। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে হাইকোর্টে ডিউটি করতেন।
নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম আ. রহমান। বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।