নতুন মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেপ্তার দুজনকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুব্রত দেবনাথ এক দিনের রিমান্ড শেষে আসামি নাগিব হাসান অর্ণব ও তাইফুর রশিদকে আদালতে হাজির করে কারগারে রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের নিয়োজিত আইনজীবী জামিনের আবেদন করেন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল।
গত মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে র্যাব নাগিব হাসান অর্ণব (২৫) ও তাইফুর রশিদকে (২৩) গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে নতুন মাদক ‘ম্যাজিক মাশরুম’র পাঁচটি বারে ১২০টি স্নাইস ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।