কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশিক (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন ছাত্রীর বাবা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীটিকে জালুয়াপাড়া গ্রামের হাইদুল ইসলামের বখাটে ছেলে আশিক প্রায়ই উত্ত্যক্ত করত। ৮ জুলাই বিকেলে মেয়েটি তার চাচার গরুর খামারে গেলে আশিক তাকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে আশিক পালিয়ে যায়। পরে ছাত্রীটিকে গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।