প্রথমবার উইম্বলডন জিতে ইতিহাস গড়ছেন অ্যাশলি বার্টি। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ গেমে তিনি হারিয়েছেন ক্যারোলিনা প্লিসকোভাকে। ২০১২ সালের পর এবারই প্রথম মেয়েদের উইম্বলডন এককের ফাইনাল তিন সেটে গড়াল। ৯ বছর আগের সেই ম্যাচে সেরেনা উইলিয়ামস হারিয়েছিলেন পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওনাস্কাকে। মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা বার্টি ৪১ বছর পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডন এককে চ্যাম্পিয়ন হলেন। এর আগে অস্ট্রেলিয়ার ইভন্নে গুলাগং কলি দুটি উইম্বলডন শিরোপা জিতেছেন। শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে। বার্টির এটা দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম। তিনি প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন ২০১৯ সালের ফেঞ্চ ওপেনে। দুই বছর আগের ডব্লিউটিএ ট্যুর ফাইনালসও জিতেছিলেন তিনি। গতকাল স্বপ্নপূরণের পর বার্টি বলেছেন, ‘আশা করছি ইভন্নে এটা শুনে গর্বিত হবেন।’