কোপা আমেরিকা ২০২০ এ তৃতীয় হয়েছে কলম্বিয়া। ম্যাচের ইনজুরি সময়ের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়া ৩-২ এ হারায় পেরুকে। জয়সূচক গোলটি করেন লুইস দিয়াজ। ম্যাচে জোড়া গোল করেন দিয়াজ। পঞ্চমবারের মতো তৃতীয় হলো কলম্বিয়া, ২০১৬ সালের পর প্রথম।
৪৫ মিনিটের সময় ক্রিস্তিয়ান কুইভার পাস থেকে ইওশিমার ইয়োতুনের গোলে এগিয়ে বিরতিতে যায় পেরু। দ্বিতীয়ার্ধের চার মিনিটে গোল শোধ দেন কলম্বিয়ার হুয়ান কোয়াদ্রাদো। ৬৬ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন দিয়াজ। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকা পেরু গোল শোধে মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে পেরুর জিয়ানলুকা লাপাদুলা হেডে গোল করে সমতা আনেন। নাটকের তখনো বাকি। ম্যাচের ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে গোল করে দলকে জয় উপহার দেন ডিয়াজ। পোর্তোতে খেলা ২৪ বছরের এই উইঙ্গারের এবারের কোপায় এটি চতুর্থ গোল। ম্যাচ শেষে কোয়াদ্রাদো বলেন, ‘জয় দিয়ে শেষ করাটা গুরুত্বপূর্ণ ছিল। পিছিয়ে পড়েও জয় পাওয়ায় আমি খুশি।’ ‘বি’ গ্রুপে ছিল কলম্বিয়া ও পেরু। গ্রুপ পর্বে এই দু’দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল।