গোপালগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

গোপালগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মারধরের ঘটনার প্রধান আসামি আমিনুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করায় এবং প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তাদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ন কবীর গতকাল শনিবার বেলা ২টার দিকে ফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারি ঘটনায় আমিনুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার দুপুরে ওই রোগীর স্বজনরা তাকে দেখতে যাওয়ার জন্য চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরি হলে তার সঙ্গে রোগীর স্বজনদের বাগ্বিত-া হয়। এর জের ধরে রাত ৮টার দিকে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর সহকর্মী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালের শেখ হাসিনা চত্বর এলাকায় এলে বাজুনিয়া গ্রামের আমিনুল ইসলাম ও তার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে বেদম মারধর করে। এ-সময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের  গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।