পশ্চিমবঙ্গের ‘সেরা হাসপাতালে’ নারী সহকর্মীকে চিকিৎসকের যৌন হয়রানি

পশ্চিমবঙ্গে নামকরা একটি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তারই এক নারী সহকর্মী। এসএসকেএম নামের ওই হাসপাতালটিকে রাজ্যটির ‘সেরা হাসপাতাল’ বলা হয়।

ডয়চে ভেলে জানিয়েছে, হাসপাতালের সিসিইউ চিকিৎসক তথা ডিএম ছাত্রীকে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই বিভাগেরই এক চিকিৎসকের বিরুদ্ধে। আরো একজনের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়ায় অভিযোগ।

নিগৃহীতর দাবি, বছর দুয়েক ধরেই সিসিইউ-এর চিকিৎসক তথা ডিএম তাকে যৌন হেনস্থা এবং মানসিক নির্যাতন করছিলেন ওই বিভাগেরই এক সিনিয়র চিকিৎসক। ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এসএসকেএম কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জানান তিনি।

এরপর অভিযুক্ত চিকিৎসকদের বদলি করা হয়। চলতি সপ্তাহে সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই হওয়ায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর। যদিও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

গত বছর ভারতীয় অধ্যাপক ও কবি অংশুমান কর অভিযুক্ত হয়েছিলেন যৌন হেনস্থায়। তখন অভিযুক্তের সঙ্গে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। এবার নজরে সরকারি হাসপাতাল। অভিযোগ, এসএসকেএমের ক্ষেত্রে অভিযুক্তরা উচ্চপদস্থ হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করেছে রাজ্য।