কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় উল্লাসে রংপুরের পীরগঞ্জে এলাকার যুবকরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এ ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে এক মোটরসাইকেলে চার বন্ধু খেলতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে ইয়াছিন (২৩) নিহত হন। অপর তিন বন্ধু আহত হন।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কুমেদপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের চার তরুণ ইয়াছিন আলম (২৩), সিফাত মিয়া (১৬), শরিফুল ইসলাম (২০) ও রাজ বাবু (১৭) আর্জেন্টিনা দলের সমর্থক। রবিবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিজয়ে তারা মনের উচ্ছ্বাসে একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে বের হয়। তারা প্রায় তিন কিলোমিটার দূরের মাদ্রাসা মাঠে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে খেলার উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা যায়। তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫০০ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর তিন আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত তিনজনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আফরিন জাহান ইয়াছিন আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পীরগঞ্জ থানার ওসি জানান, মোটরসাইকেলটির গতি খুব বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক তরুণ মৃত্যুবরণ করেন।