টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুম থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এসব ওষুধ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী।
সংশ্লিষ্টরা জানায়, দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ওয়ার্ডে ওষুধের চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ না করে স্টোরে জমা করেন স্টোরকিপার জাহিদুল ইসলাম তালুকদার।
এতে কয়েক বছরে ওই স্টোরে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওইসব ওষুধ পরিত্যক্ত জিনিসের সঙ্গে ফেলে দেওয়ার উদ্দেশ্যে স্টোররুমের পাশে পুরুষ ওয়ার্ডের সামনে জমা করে রাখা হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওষুধগুলো উদ্ধার করেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার জাহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অন্যের দোষ আমার ওপর চাপানো চেষ্টা চলছে।’
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধারের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কলসালটেন্ট ডা. মিরাজ আহমেদকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’