দুমকিতে পশুর হাটে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না কেউ

চলমান ‘লকডাউনের’ মধ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন স্থানে বসছে পশুর হাট। এসব হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। পশুর হাটে একে অন্যের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে কেনাবেচা করছে। হাটে আসা লোকজন স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। তাদের বেশিরভাগের মুখে মাস্ক নেই।

গতকাল রবিবার উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে মৌকরণ বাজারের পশুর হাটে এবং গত শুক্রবার মুরাদিয়া ইউনিয়নে বোর্ড অফিসের হাটে এমন দৃশ্য চোখে পড়ে। এতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

এলাকাবাসী বলছে, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত ‘লকডাউনে’ গত ১ জুলাই থেকে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পশুর হাটে পশু বেচাকেনা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও বিভিন্ন এলাকায় পশুর হাট বসিয়ে গরু-ছাগল বেচাকেনা চলেছে।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ আবদুল্লাহ সাদীদ ‘লকডাউনের’ মধ্যে পশুর হাট বসার কথা স্বীকার করে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার কয়েকটি হাটে গতকাল থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে গবাদি পশুর বেচাকেনার সুযোগ দেওয়া হয়েছে।