ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তারসহ তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আসামির আপিল খারিজ করে সোমবার এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ।
আদালতে আসামির পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে বলেন, ‘আপিল বিভাগ ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তারসহ তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আনা জেল আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছে।’
সুপ্রিম কোর্ট মুখপাত্র জানান, ল্যাব এইডের চিকিৎসক ডা. নাজনীন আক্তারের স্বামী আসারুজ্জামানের আপন ভাগ্নে আমিনুলকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় নিয়ে আসেন। ভর্তি করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে।
কিন্তু ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীনকে কুপিয়ে হত্যা করে ভাগ্নে অভিযুক্ত আমিনুল। পারুল নামে গৃহকর্মী তা দেখে ফেলায় তাকেও কুপিয়ে হত্যা করে অভিযুক্ত।
আমিনুল ঘটনার পর বগুড়ায় চলে যায়। সেখান থেকে ফরিদপুর গিয়ে শরিফুল নাম ধারণ করে কাজ করতে থাকে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যা মামলায় বিচার শেষে ২০০৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আমিনুলকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করে।
পরবর্তীতে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য পাঠানো হয়। দণ্ডিত আমিনুলও রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। শুনানি শেষে ২০১৩ সালে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে জেল আপিল করে আমিনুল।