নাটোরে সরকারের জরুরি হটলাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া ১০০ অসহায় পরিবার।
সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুন ।
খাদ্য সহায়তার প্রত্যেক প্যাকেটে দেয়া হয়েছে ১০ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, দুই কেজি আলু, এক কেজি করে লবণ ও পেঁয়াজ এবং এক লিটার সয়াবিন তেল।
সংসদ সদস্য শিমুল বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মানবিক সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। যে কোনো মানুষের খাদ্য সংকট মোকাবিলা এবং করোনা সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদানে আমরা তাদের পাশে থাকব।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুন জানান, চলমান কঠোর বিধিনিষেধ শুরু হওয়ায় বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে। কর্মহীন অসহায় এসব মানুষের ফোন কল পেয়ে আজ তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হলো।