রাস্তার থকথকে কাদায় পিছলে গিয়ে পড়তে হয় ধানক্ষেতে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি-খুরুস্কুল আখতারুজ্জামান চৌধুরী বাবু সড়কটি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ সড়কের উন্নয়ন কাজ না হওয়ায় সড়কটি বিলীন হয়ে গেছে। সম্প্রতি বৃষ্টির পানির তীব্র স্রোতে সড়কটি ভেসে গিয়ে কয়েক স্থানে খালে পরিণত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার পাঁচ শতাধিক পরিবারের মানুষজনসহ আশপাশের অন্তত ১০ হাজার মানুষ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জুঁইদন্ডি দর্জি পুকুর থেকে খুরুস্কুল সেন্টার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটির উন্নয়নকাজ হয় ২০০০ সালের দিকে। সেবার সড়কটির ৫০০ মিটার অংশে মাটি ভরাটের কাজ করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। ২০০৭-২০০৮ অর্থবছরে সড়কটির ওই অংশে ইউনিয়ন পরিষদ থেকে ইট বিছানো হয়। পরে সড়কটির নামকরণ করা হয় তৎকালীন স্থানীয় সাংসদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে। ওই সময় সড়কটির মাটি ভরাটের কাজ করা হলেও দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আর উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এ সড়ক দিয়ে জুঁইদন্ডি, খুরুস্কুল, সরেঙ্গা গ্রামসহ আশপাশ এলাকার প্রায় ১০ হাজার মানুষ জেলা-উপজেলা সদর ও হাটবাজারে যাতায়াত করে থাকেন। এছাড়া দক্ষিণ-পশ্চিম খুরুস্কুল গ্রামবাসীর যোগাযোগের একমাত্র ভরসা এই সড়ক। অবহেলিত এই এলাকার বাসিন্দারা কৃষি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবার কাজসহ দৈনন্দিন কাজে যোগাযোগের জন্য সড়কটি ব্যবহার করে থাকেন। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এ অবস্থায় পড়ে আছে দীর্ঘ দিন।

স্থানীয় ইউনুস সিকদার বলেন, সড়কটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রচ- এ কাদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাওয়ার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। কেউ কেউ থকথকে কাদায় পিছলে পড়ে যান পাশের ধানক্ষেতে।