ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মেগচামী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালিনগর এলাকায়। সেখানে নির্মাণাধীন ৫টি ঘরের মধ্যে একটি ঘরের দুটি পিলার গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা ভেঙে ফেলে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভেঙে ফেলা ঘরের সুবিধাভোগী অখিল মন্ডল (৪৮) জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৪-৫ জন যুবক এসে বলে, ‘আমরা ফরিদপুর থেকে এসেছি, ঘরগুলো ভালো করে তৈরি হচ্ছে না, তাই এগুলো ভাঙতে হবে। পরে ভালো করে তৈরি করে দেব।’ এসব বলতে বলতে দুটি পিলার ভেঙে ফেলে তারা। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টির সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।