অবৈধ কাঠ জব্দের অভিযান

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা

চট্টগ্রামে অবৈধ কাঠ জব্দের অভিযান চালাতে গেলে র‌্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় মসজিদে মাইকে র‌্যাব সদস্যদের ডাকাত বলে ঘোষণা দিয়ে ৫০-৬০ জন লোক হামলা চালায়। পরে র‌্যাবের অতিরিক্ত সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গত রবিবার নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানিয়েছেন। এ ঘটনায় চারজন অবৈধ কাঠ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফোরকান (২১), আবদুল সাত্তার (৬৪), রাকিব (১৯) ও শামশেদ আলম (৩২)।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও জানান, গত রবিবার বলিরহাটে বিপুল পরিমাণ অবৈধ কাঠ মজুদ আছে এমন তথ্যে সেখানে বন বিভাগের কর্মকর্তা ও র‌্যাব সদস্যরা অভিযানে গেলে সে সময় কিছু লোক বাধা দেয়। এরপর মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ৫০-৬০ জনকে জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে চার র‌্যাব সদস্য ও দুজন বন বিভাগের কর্মকর্তা আহত হন। পরে র‌্যাবের আরও সদস্য ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।