রেইনবো উৎসবে শ্রেষ্ঠ পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল

গত বছর মুক্তি পেয়েছিল মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’। এ ছবির জন্য লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবে তিনি জিতলেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।

সোশ্যাল মিডিয়া পোস্টে ঊজ্জ্বল বললেন, “দর্শকদের জন্য বানিয়েছিলাম ‘ঊনপঞ্চাশ বাতাস’। সঙ্গত কারণেই উৎসব বা পুরস্কার নিয়ে আমার খুব একটা মাথাব্যথা ছিল না। তারপরও পুরস্কার পেলে মন্দ লাগে না বিষয়টা। ‘ঊনপঞ্চাশ বাতাসের’ এটি দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার।”

একই পোস্টে সিনেমাটির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান নির্মাতা।  

বিশ্বের ১৪টি দেশের মোট ১৫টি ভাষায় নির্মিত ৩০টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত হয়েছে এবারের ২৩তম উৎসব।

৪ জুলাই লন্ডন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস উৎসবের উদ্বোধন করেন। আয়োজন চলে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা, রিচ মিক্স সিনেমা এবং ব্রাডি আর্টস সেন্টারে।

১১ জুলাই বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সিনেমা হলে সমাপনী অনুষ্ঠানে উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়।

উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয় ইরানের ‘সাডেনলি ট্রি’। ‘মারিয়াম’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী পরিচালকের পুরস্কার পান উজবেকিস্তানের শারিপা উরাজবায়েভা। শ্রেষ্ঠ মানবিক বিবেচনা খেতাব পায় ভারতের ‘ঘরে বাইরে আজ’। জুরি পুরস্কার পায় ভারতের ‘দ্বিতীয় পুরুষ’। এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয় যুক্তরাজ্যের ‘ইথেল’। রেইনবো ফিল্ম সোসাইটির বিশেষ বিবেচনা পুরস্কার পায় ভারতের ‘গড অন দ্য ব্যালকনি’।