ঢাকার কেরানীগঞ্জে মেঘনা ফার্টিলাইজার কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের বিপুল পরিমান ভেজাল সার উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কাজী কান্দা গ্রামের আলীপুর ব্রিজের পাশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভেজাল কীটনাশক ও টিএসপি সার, এসব সার তৈরির বিভিন্ন কাঁচামালসহ ভেজাল কৃষি উপকরণ উদ্ধার করা হয়।
অভিযান বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। কারখানায় ইট-বালিসহ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ভেজাল সার তৈরি হতো। কারখানায় থাকা সমস্ত মালামাল জব্দ করা হয়। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে জব্দ মালামার ধ্বংস করা হবে। অভিযান পরিচালনার সময় কারখানায় কাউকে আমরা পাইনি। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম ভূইয়া, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানসহ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।