শত সমালোচনার পরও জাপান বদ্ধপরিকর অলিম্পিক আয়োজনে। টোকিওতে ২৩ জুলাই শুরু হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমস। গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে অলিম্পিক ভিলেজ। আর বাংলাদেশেরও অলিম্পিক যাত্রার শুরু হয়ে গেছে। অগ্রবর্তী দল হিসেবে কাল রাতে টোকিওগামী বিমানে চেপে বসেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তিন কর্মকর্তা। তবে ক্রীড়াবিদদের যাত্রা শুরু হবে শুক্রবার থেকে। ২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহনের জন্য মনোনীত করা হয়েছে ২০১৯ এসএ গেমসে দু’টি রুপাজয়ী সাঁতারু আরিফুল ইসলামকে।
কয়েক ধাপে ছয় ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তারা যাবেন টোকিওতে। শুক্রবার দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবং শুটার আব্দুল্লাহ হেল বাকী রওনা হবেন টোকিওর উদ্দেশ্যে। আরিফুল ফ্রান্স থেকে ১৮ জুলাই সরাসরি টোকিও যাবেন। ৪০০ মিটার স্প্রিন্টার জহির রায়হান ঢাকা থেকে যাবেন ২৫ জুলাই। আর লন্ডন থেকে ২৬ জুলাই টোকিও যাবেন আরেক সাঁতারু জোনায়না আহমেদ।
২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়েছিলেন রোমান সানা। তিনি ছাড়া বাকিদের অলিম্পিক স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। আরিফুলকে পতাকা বহনের জন্য মনোনীত করার ব্যাপারে বাংলাদেশ কন্টিনজেন্টের সেফ দ্য মিশন, বিওএ’র সহ-সভাপিত শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমাদের প্রথম ও দ্বিতীয় পছন্দ ছিলেন রোমান সানা ও বাকি। কিন্তু তাদের খেলা উদ্বোধনীর পরপর হওয়ায় পতাকা বহনের জন্য আমরা আরিফুলকে বেছে নিয়েছি। আরিফুল গত এসএ গেমসে বাংলাদেশকে দুটি রুপা এনে দিয়েছিলেন। এ কারণেই তাকে বেছে নেওয়া।’